খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার এলাকা থেকে পাঁচ বস্তা গুইসাপসহ প্রেমরাছো মারমা (৪৭) নামে এক নারীকে আটক করেছে প্রশাসন। আটক নারী পানছড়ি উপজেলার কুরাদিয়াছড়া গ্রামের অংগিও মারমার স্ত্রী। বুধবার রাত সাড়ে ৮টার দিকে জেলা প্রশাসন ও বন বিভাগের এক যৌথ অভিযানে এই উদ্ধার ও আটক অভিযান চালানো হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রেমরাছো জানান, চট্টগ্রামের বারইয়ারহাট থেকে ২২ হাজার টাকা দিয়ে গুইসাপগুলো কিনে তিনি বিক্রির উদ্দেশ্যে খাগড়াছড়িতে নিয়ে আসছিলেন। আটক নারীকে বর্তমানে খাগড়াছড়ি সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দুর্জয় গোস্বামী।

খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা জানান, উদ্ধারকৃত পাঁচ বস্তায় মোট ২৪টি গুইসাপ পাওয়া গেছে, যার মধ্যে ১০টি জীবিত এবং ১৪টি মৃত ছিল। উদ্ধারকৃত জীবিত গুইসাপগুলোকে আলুটিলার প্রাকৃতিক বনে অবমুক্ত করা হয়েছে এবং মৃতগুলো মাটিচাপা দেওয়া হয়েছে। বন কর্মকর্তা আরও সতর্ক করে বলেন, বন্যপ্রাণী শিকার বা ধারণের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।