সুন্দরবনে নিষিদ্ধ সময়ে শাপলাপাতা মাছ শিকারের অভিযোগে একটি ট্রলারসহ ছয় জেলেকে আটক করেছে বন বিভাগ। বুধবার (১২ আগস্ট) দুপুরে শরণখোলা রেঞ্জের শেলারচর এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক জেলেদের পরিচয় পাওয়া গেছে—পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার ভাইজোড়া গ্রামের মো. বিল্লাল, মোজাফর হাওলাদার, দুলাল, বশির, আসাদ ও ইব্রাহিম। তাদের বৃহস্পতিবার বাগেরহাট আদালতে হাজির করা হবে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমানের নেতৃত্বে এবং শরণখোলা স্মার্ট পেট্রোলিং টিমের বনরক্ষীরা যৌথভাবে সুন্দরবনের নদীতে টহল দিচ্ছিলেন। এ সময় ভাঙ্গা-নীলবাড়ীয়া খালে একটি ফিশিং ট্রলারকে অবৈধভাবে মাছ ধরতে দেখে তারা দ্রুত সেখানে অভিযান চালান।

ট্রলারে তল্লাশি চালিয়ে বন বিভাগ শিকার-নিষিদ্ধ ৯টি বড় আকারের শাপলাপাতা মাছ, দুই মণ বিভিন্ন প্রজাতির মাছ, দুই হাজার মাছ ধরার বড়শি, মাছ ধরার জালসহ আরও অনেক সরঞ্জাম জব্দ করে।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম জানান, বর্তমানে সুন্দরবনে তিন মাসের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি রয়েছে। তা সত্ত্বেও ওই জেলেরা আইন অমান্য করে খালে মাছ ধরছিলেন। বিশেষ করে তারা শিকার-নিষিদ্ধ শাপলাপাতা মাছ ধরেছেন, যা বন আইনের পরিপন্থী। আটক জেলেদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।