বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তিনি কখনো ভাবেননি যে রাষ্ট্রপতি হবেন। একে তিনি দলের প্রতি আস্থা এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানি হিসেবে অভিহিত করেছেন। তিনি স্পষ্টভাবে ব্যক্ত করেছেন যে, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করলেও তাঁর মূল লক্ষ্য হবে সাধারণ মানুষের পাশে থেকে তাঁদের সেবা করা।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর হেয়ার রোডে অবস্থিত তাঁর সরকারি বাসভবনে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার নেতৃবৃন্দের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে মির্জা ফখরুল এসব কথা বলেন। আলাপকালে তিনি তাঁর ব্যক্তিগত অনুভূতি ব্যক্ত করে বলেন, রাষ্ট্রীয় দায়িত্বের ব্যস্ততা যতই থাকুক না কেন, তিনি সর্বদা সাধারণ মানুষের সুখ-দুঃখের পাশে থাকবেন এবং নিজ এলাকার সামগ্রিক উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করবেন।

সাক্ষাৎকালে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার নেতৃবৃন্দ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে মনোনীত হওয়ার জন্য উষ্ণ অভিনন্দন জানান। এই অভিনন্দন জানানোর মুহূর্তে মির্জা ফখরুল আবেগাপ্লুত হয়ে পড়েন এবং এই অনন্য সুযোগ প্রদানের জন্য মহান আল্লাহর প্রতি গভীর শুকরিয়া আদায় করেন। আলাপ-আলোচনার সময় তিনি উপস্থিত প্রত্যেকের কুশল বিনিময় করেন এবং বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি বাংলাদেশ প্রতিদিনের মানিক মুনতাসির, সাধারণ সম্পাদক সমকালের দেলোয়ার হোসেন, বাসসের প্রধান বার্তা সম্পাদক মানিকুল আজাদ, সহ-সভাপতি স্টার টিভির মাহবুব আলম রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক কালবেলার শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক বাসসের জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক ৭১ টেলিভিশনের আব্দুল লতিফ, প্রচার সম্পাদক জিটিভির সাজ্জাদ হোসেন এবং নারী বিষয়ক সম্পাদক নিউজ টোয়েন্টি ফোর’র মোছা. শিউলী বেগম নাহিদ উপস্থিত ছিলেন।

পাশাপাশি উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য হিসেবে ৭১ টেলিভিশনের নূর তাজমিন নীর, স্টার টিভির ফরহাদ বিন নূর, কালের কণ্ঠের মো. নবাব শরীয়তুল্লাহ (সৌম্য সরকার), সাম্প্রতিক দেশকালের নাসরিন আখতার, যুগান্তরের ইমরান খান, চ্যানেল আইয়ের তাফহিমুল ইসলাম এবং নিউজ এজেন্সি এবিপির বিশেষ প্রতিনিধি আবু সাঈদ। এছাড়া সংগঠনের উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মশিউর রহমান, প্রথম আলোর তুহিন সাইফুল্লাহ এবং বাসসের জ্যেষ্ঠ সহ-সম্পাদক মাহাবুর আলম সোহাগ।