সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। রাত পৌনে ১২টার দিকে কন্টিনেন্টাল হাসপাতালের ডিউটি ম্যানেজার মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানান, তিনি কিছুক্ষণ আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং আপাতত এটুকুই তথ্য দেওয়া সম্ভব।
দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু বিস্তারিত জানিয়ে বলেন, রাত ১০টা ২৭ মিনিটে তৌফিক নেওয়াজ মারা যান। দীর্ঘ দিন ধরে তিনি হাসপাতালে নিবিড় চিকিৎসা নিচ্ছিলেন। তার জানাজা ও দাফন কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত বুধবার দুপুরের পর নেওয়া হবে বলে জানান টিপু।
উল্লেখ্য, ২০১৯ সালে স্ট্রোকের পর থেকে দীর্ঘকাল অসুস্থ ছিলেন তৌফিক নেওয়াজ। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দী স্ত্রী ডা. দীপু মনির সঙ্গে দেখা করতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনেরা। পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফিক নেওয়াজ ধ্রুপদী সংগীত চর্চায়ও বিশেষ পারদর্শী ও আগ্রহী ছিলেন।











