মেহেরপুরের গাংনীতে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের সিঁড়ির পাশে একটি সন্দেহজনক ব্যাগ পড়ে থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে ব্যাগটি উদ্ধার করলে দেখা যায়, ভেতরে কোনো বিস্ফোরক নয়, বরং গমের আটা রয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে গাংনী বাজারের আসাদ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের সিঁড়ির পাশে ব্যাগটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ব্যাগের ভেতরে বোমাসদৃশ কোনো বস্তু থাকতে পারে—এমন আশঙ্কায় মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি উদ্ধার করে গাংনী থানা পুলিশ। পরবর্তীতে ব্যাগটি খোলার পর পুলিশ নিশ্চিত করে যে, এর ভেতরে কোনো বোমা বা বিস্ফোরক নেই, বরং রয়েছে গমের আটা।

গাংনী থানার ওসি মুহাদ্দিস মোর্শেদ চৌধুরী জানান, এই ঘটনায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। একজন বৃদ্ধ নারী ভুলবশত ব্যাগটি সেখানে রেখে বাড়িতে চলে গিয়েছিলেন। পুলিশ সদস্যরা ব্যাগটি খুলে ভেতরে গমের আটা দেখতে পান।