মাফিকুল ইসলাম: দীর্ঘ ৫২ দিন উৎপাদন বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত মধ্যপাড়া কঠিন শিলা খনিতে আবারও পাথর উত্তোলন শুরু হয়েছে। বিস্ফোরক তৈরির প্রধান কাঁচামাল অ্যামোনিয়াম নাইট্রেটের সংকট কাটিয়ে ওঠায় রোববার থেকে খনির উৎপাদন কার্যক্রম পুনরায় চালু করা হয়।
খনি সূত্র জানায়, অ্যামোনিয়াম নাইট্রেট আমদানিতে জটিলতার কারণে গত ১৯ মে থেকে পাথর উত্তোলন কার্যক্রম বন্ধ ছিল। সম্প্রতি বিদেশ থেকে কাঁচামালের চালান খনিতে পৌঁছানোর পর বিস্ফোরক প্রস্তুত করে উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু করা হয়েছে।
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আসগর হোসেন বলেন, বর্তমানে উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল পর্যাপ্ত রয়েছে। নতুন কোনো জটিলতা সৃষ্টি না হলে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক গতিতে চলবে।
জানা গেছে, খনিতে প্রতিদিন তিন শিফটে কয়েক শতাধিক শ্রমিক কাজ করেন। আন্তর্জাতিক ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) পাথর উত্তোলনের দায়িত্বে রয়েছে। প্রতিদিন কয়েক হাজার টন পাথর উত্তোলনের পর তা বিভিন্ন আকারে প্রক্রিয়াজাত করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, দেশের অবকাঠামো ও নির্মাণ খাতে মধ্যপাড়া খনির পাথরের ব্যাপক চাহিদা রয়েছে। দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকায় বাজারে সরবরাহে চাপ সৃষ্টি হয়েছিল। তবে উৎপাদন পুনরায় শুরু হওয়ায় পরিস্থিতির উন্নতি হবে এবং বাজারে পাথরের সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
খনি কর্তৃপক্ষের ভাষ্য, কাঁচামাল সরবরাহে নতুন কোনো বিঘ্ন না ঘটলে ভবিষ্যতে উৎপাদন কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চালিয়ে নেওয়া সম্ভব হবে।






