মাফিকুল ইসলাম: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার একটি বাড়িতে বন্ধ কক্ষ থেকে মা ও তার কিশোরী মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার ৭ নম্বর মোস্তফাপুর ইউনিয়নের কালিরহাট ছোট চণ্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাকে ঘিরে এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

নিহতরা হলেন ছোট চণ্ডিপুর গ্রামের বাসিন্দা রিপেন চন্দ্রের স্ত্রী ছবি রানী (৪০) এবং তাদের মেয়ে পল্লবী রানী (১৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে দীর্ঘ সময় ঘরের দরজা বন্ধ থাকায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে মা ও মেয়ের মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ উদ্ধার করে।

পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, "মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতেই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।"

পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।