আব্দুর রাজ্জাক আশিক: বগুড়ার ধুনটে এক প্রবাসীর স্ত্রীকে মুঠোফোনে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে কথোপকথনের অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমানকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জোড়শিমুল গ্রামের এক দিনমজুরের ছেলে প্রায় ছয় মাস আগে কান্তনগর গ্রামের আদম ব্যবসায়ী মাহমুদুল ও ঝাঝর গ্রামের আরিফুলের মাধ্যমে সৌদি আরবে যান। বিদেশে পাঠানোর জন্য ওই দুই ব্যক্তির বিরুদ্ধে প্রবাসীর পরিবারের কাছ থেকে প্রায় ৬ লাখ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। তবে সৌদি আরবে যাওয়ার পর ওই যুবককে কোনো কাজের ব্যবস্থা করে দেওয়া হয়নি বলে পরিবারের অভিযোগ। এতে তিনি সেখানে মানবেতর জীবনযাপন করছেন।
এ ঘটনায় প্রবাসীর মা অভিযুক্তদের কাছে ছেলের বিষয়ে জানতে গেলে একপর্যায়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। পরে গত ২১ জুন তিনি ধুনট থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসআই মোস্তাফিজার রহমানকে।
প্রবাসীর পরিবারের অভিযোগ, তদন্ত চলাকালে এসআই মোস্তাফিজার রহমান বিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করেন। একপর্যায়ে তিনি তাকে অনৈতিক প্রস্তাব দেন। এছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি বলেও পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, এসআইয়ের সঙ্গে কথোপকথনের কিছু অংশ তিনি নিজের মুঠোফোনে রেকর্ড করেন। পরে ওই অডিও ক্লিপ স্থানীয় গণমাধ্যমকর্মীদের হাতে পৌঁছায়। এর মধ্যে একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে আসে।
ঘটনাটি আমলে নিয়ে রোববার মধ্যরাতে এসআই মোস্তাফিজার রহমানকে ধুনট থানা থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এসআই মোস্তাফিজার রহমানকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা চাকরি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।






