দেশে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটের মুখে দিশেহারা সাধারণ মানুষ। বিশেষ করে ঢাকার বাইরের বিভিন্ন জেলায় দৈনিক ৮ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিংয়ের কবলে পড়েছেন গ্রাহকরা। এমনকি গভীর রাতেও ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। লোডশেডিংয়ের পাশাপাশি বিদ্যুৎ বিলের অস্বাভাবিক বৃদ্ধি এখন সাধারণ মানুষের জন্য বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক গ্রাহকের অভিযোগ, বিদ্যুৎ ব্যবহারে কোনো বিশেষ পরিবর্তন না আসা সত্ত্বেও বিল এসেছে আগের তুলনায় দুই থেকে তিন গুণ বেশি। এমনকি কিছু ক্ষেত্রে বিলের পরিমাণ এতটাই অস্বাভাবিক যে তা সাধারণ মানুষের কল্পনার বাইরে। বিশেষ করে জুন ও জুলাই মাসের বিদ্যুৎ বিল দ্বিগুণের বেশি এসেছে বলে দাবি করা হচ্ছে, যা কোনোভাবেই যৌক্তিক বলে মনে করছেন না গ্রাহকরা।
এই চরম অব্যবস্থাপনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (৩ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় জাতীয় ছাত্রশক্তির আয়োজনে এক ব্যতিক্রমী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা হাতে হারিকেন এবং হাড়ি-পাতিল নিয়ে রাজপথে নেমে আসেন, যা বর্তমান বিদ্যুৎ ও দ্রব্যমূল্য সংকটের এক প্রতীকী বহিঃপ্রকাশ। সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, নাগরিক জীবনের মৌলিক সমস্যাগুলো সমাধান তো দূরে থাক, বরং দিন দিন তা আরও প্রকট হচ্ছে। তারা অভিযোগ করেন, জনগণের টাকায় কার্যত ‘ডাকাতি’ করা হচ্ছে। একদিকে পাম্পগুলোতে গ্যাসের তীব্র সংকট, অন্যদিকে সরকার মূল্য বৃদ্ধির পাঁয়তারা করছে। সমস্যা সমাধানের পরিবর্তে জনদুর্ভোগ আরও বাড়ানো হচ্ছে।
বক্তাদের দাবি, দিনে ১২ ঘণ্টার বেশি লোডশেডিং হচ্ছে এবং তার পাশাপাশি বিল বাড়ছে লাগামহীনভাবে। অনেক ক্ষেত্রে বিদ্যুতের ব্যবহার না থাকলেও অস্বাভাবিক বিল এসেছে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী দামের বিষয়েও তীব্র নিন্দা জানান বিক্ষোভকারীরা। সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে জনগণের সব সমস্যার সমাধান হবে, মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে এবং দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে থাকবে—এমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন; এখন বিদ্যুৎ ১ ঘণ্টা থাকলে লোডশেডিং হয় ২ ঘণ্টা। জনগণের কল্যাণে এবং এই সংকট নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জোরালো দাবি জানানো হয়।










