খুলনার বটিয়াঘাটা উপজেলায় এক যুবদল নেতার বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার তেঁতুলতলা গ্রামে এই দুঃসাহসিক হামলা চালানো হয়। বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সির বাড়িতে এই হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ২টার সময় তিনটি মোটরসাইকেলে করে ছয়জন দুর্বৃত্ত বাহাদুর মুন্সির বাড়ির সামনে এসে পৌঁছায়। তাদের মধ্যে তিনজন বাড়ির ভেতরে ঢুকে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। ছোড়া গুলির একটি জানালার কাচে এবং অন্যটি দরজায় গিয়ে লাগে। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ হতাহত হননি। গুলির শব্দ শুনে বাহাদুর মুন্সির মা এবং পাশের ঘরে থাকা ছোট ভাইয়ের স্ত্রী চিৎকার করে ‘কারা কারা’ বলে ডাক দিলে ঘাবড়ে গিয়ে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরিবারের সদস্যদের ভাষ্যমতে, হামলাকারীরা গ্রামের নিচপাড়া দিয়ে পালিয়ে গেছে।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কে বা কারা যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্বৃত্তরা দুই থেকে তিন রাউন্ড গুলি ছুড়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে। গভীর রাতে এই আকস্মিক হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। হামলাকারীদের শনাক্ত এবং গ্রেপ্তারের জন্য পুলিশি তৎপরতা শুরু হয়েছে।