মাতৃত্বের পর স্বাভাবিকভাবেই ক্যাটরিনা কাইফের শারীরিক গঠন ও চেহারায় কিছু পরিবর্তন এসেছে। সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পর তার এই পরিবর্তিত রূপটি সামনে আসে এবং তা নিয়েই শুরু হয় আলোচনা। তবে আলোচনার পাশাপাশি নেটিজেনদের একটি অংশ ক্যাটরিনাকে নিয়ে তীব্র সমালোচনায় মেতে ওঠেন। সোশ্যাল মিডিয়ায় তার চেহারার পরিবর্তন নিয়ে নানা ধরনের কটাক্ষ করা হয়, যার বিপরীতে অনেকে আবার প্রতিবাদও জানিয়েছেন।

এই সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষিতে অবশেষে মুখ খুলেছেন ক্যাটরিনা। যদিও তিনি সমালোচকদের সরাসরি কোনো জবাব দেননি, তবে ত্বকের যত্ন এবং চেহারার পরিবর্তন প্রসঙ্গে তার অভিজ্ঞতা শেয়ার করেছেন। হলিউড রিপোর্টারকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেন, ‘মা হওয়ার পর আমার ত্বক আগের চেয়ে অনেক বেশি সংবেদনশীল হয়ে গিয়েছিল। সেই সময়টা আমার জন্য বেশ কঠিন ছিল। আমার ত্বকের জন্য কোন প্রসাধনীগুলো কার্যকর হবে, তা বুঝতে আমার বেশ সময় লেগেছে। আমি এমন কিছু খুঁজছিলাম যা আমার ত্বককে আরাম দেবে, প্রশান্ত রাখবে এবং আগের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনবে।’

শুধু ত্বকের যত্ন নয়, সৌন্দর্যের সংজ্ঞাতেও এসেছে আমূল পরিবর্তন। ক্যারিয়ারের শুরুর দিকে তিনি প্রচলিত সৌন্দর্যের গৎবাঁধা ধারণার মধ্য দিয়েই নিজেকে দেখতেন। অভিনেত্রী জানান, ‘মডেলিং এবং অভিনয়ের শুরুর দিনগুলোতে সৌন্দর্য কেমন হওয়া উচিত, তা নিয়ে অনেক প্রচলিত ধারণা ছিল এবং আমিও সেগুলোর দ্বারা প্রভাবিত ছিলাম। তবে এখন আমার কাছে সবচেয়ে সুন্দর উপস্থিতি মানে হলো ভেতর থেকে সবচেয়ে ভালো অনুভব করা। আর এই অনুভূতিটি আসে সামগ্রিকভাবে নিজের যত্ন নেওয়ার মাধ্যমে।’

ক্যাটরিনার কথায় স্পষ্ট যে, তিনি এখন আর কেবল বাহ্যিক রূপ নিয়ে চিন্তিত নন, বরং মন থেকে প্রশান্তি এবং সুস্থ থাকাই তার কাছে এখন মুখ্য। উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরে ভিকি কৌশলকে বিয়ে করেন ক্যাটরিনা কাইফ। এরপর গত বছরের নভেম্বরে তাদের কোল আলো করে এসেছে এক পুত্রসন্তান।