নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের লিচুবাগান এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় যশোর এমএম কলেজের এক শিক্ষার্থীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত শিক্ষার্থী বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

আহত মাহি (২৩) লিচুবাগান এলাকার শেখ শওকত আলী মাখনের ছেলে। তিনি যশোর সরকারি এমএম কলেজে অনার্সে অধ্যয়নরত।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২২ জুন) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে লিচুবাগান এলাকার আলিশা ফার্মেসির সামনে মাহিকে একা পেয়ে কথিত মাদক ব্যবসায়ী রুমি (২৫), পিতা-মতিয়ার রহমান, তার ওপর হামলা চালান। অভিযোগ রয়েছে, এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে রুমি ধারালো চাকু দিয়ে মাহির পায়ের তালুতে আঘাত করেন এবং রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে তাকে জখম করেন।

পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কামুক্ত।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।