রামগতি-কমলনগর: লক্ষ্মীপুরের কমলনগরে মাদক নির্মূল এবং যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার অফিসার ইনচার্জের (ওসি) কাছে স্মারকলিপি প্রদান করেছে কমলনগর উপজেলা ছাত্রদল।
সোমবার (২২ জুন) বিকেল ৩টায় কমলনগর থানায় এবং বিকেল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৃথকভাবে এ স্মারকলিপি জমা দেওয়া হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সাজ্জাদ হোসেন সাজু ও সদস্য সচিব জাফর আহমেদ ভূঁইয়া। আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওসমান গনি রিফাত, আশরাফ উদ্দিন সোহেল, মেহেদী হাসান রায়হান, মাইদুল ইসলাম শামীমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্মারকলিপিতে ছাত্রদল নেতারা উল্লেখ করেন, মাদক দেশের যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে এবং এর ভয়াবহ প্রভাব সমাজে নানামুখী অপরাধ বৃদ্ধিতে ভূমিকা রাখছে। তরুণ ও যুবসমাজকে এই সামাজিক ব্যাধি থেকে রক্ষা করতে এবং এলাকায় মাদকের বিস্তার পুরোপুরি রোধে প্রশাসনের কঠোর ও ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের দাবি জানান তারা।
এসময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সাজু বলেন, কমলনগরকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে প্রশাসনের উদ্যোগে ছাত্রদল সব ধরনের সামাজিক ও মাঠপর্যায়ের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।
স্মারকলিপি গ্রহণ করে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল আলম বলেন, উপজেলায় মাদক ব্যবসায়ী, চোরাকারবারি ও সেবনকারীদের কোনো স্থান নেই। মাদক নির্মূলে পুলিশের চিরুনি অভিযান চলমান রয়েছে এবং আগামী দিনে তা আরও জোরদার করা হবে। পাশাপাশি মাদকের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ-জামান বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান অত্যন্ত স্পষ্ট ও কঠোর। যুবসমাজকে রক্ষা করতে মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি মাদকবিরোধী কার্যক্রমে তরুণদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং ছাত্রদলের এই উদ্যোগকে স্বাগত জানান।






