জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জান্নাতের পথ দেখানোর মন্তব্যের কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান। জামায়াতের দেখানো সেই পথকে তিনি দাজ্জালের জান্নাত বলে আখ্যা দিয়েছেন।

বুধবার ২১ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জামায়াতের রাজনৈতিক অবস্থান ও সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে একাধিক প্রশ্ন তোলেন। পোস্টে রাশেদ খান লেখেন, জামায়াত মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখিয়ে দেয় বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। হাদিসে আছে, কিয়ামতের আগে দাজ্জালও মানুষকে জান্নাত দেখিয়ে তাকে অনুসরণ করতে বলবে। এরপর জামায়াত আসলে মানুষকে কোন জান্নাতের পথ দেখাতে চায়, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। নির্বাচনের আগে বিদেশিদের সঙ্গে বৈঠকে ক্ষমতায় গেলে শরিয়াহ আইন প্রতিষ্ঠার বিষয়ে জামায়াতের অবস্থান কী ছিল, সেই প্রশ্নও রাখেন তিনি। একই সঙ্গে গাজী নজরুল ইসলামের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন রাশেদ খান।

শহীদ আবরার ফাহাদ হত্যা মামলায় আসামিপক্ষের আইনজীবী হওয়ার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। এ ছাড়া রোজা ও পূজাকে মুদ্রার এপিঠ-ওপিঠ বলার অভিযোগের বিষয়টি উল্লেখ করেন তিনি। আগে হিন্দু মানে নৌকা, এবার হিন্দু মানে দাঁড়িপাল্লা এমন বক্তব্যের প্রসঙ্গও টানেন তিনি। কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দেওয়া এবং অন্যদিকে জান্নাতের টিকিট বিতরণের বক্তব্যের মধ্যে অসংগতি রয়েছে বলে মন্তব্য করেন তিনি। গণঅভ্যুত্থানের এক মাসের মাথায় আওয়ামী লীগের বিচার দাবি না করে সাধারণ ক্ষমা ঘোষণা দেওয়াকে জুলাইয়ের সঙ্গে গাদ্দারি বলে অভিযোগ করেন রাশেদ খান।