সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন মাদক নির্মূলে কাজ করার ঘোষণা দিয়েছেন। এ লক্ষ্যে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে একটি সংগঠন তৈরির কথা জানিয়েছেন তিনি। বুধবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ ঘোষণা দেন।

স্ট্যাটাসে ইশরাক হোসেন লেখেন, প্রিয় ঢাকা-৬-এর বাসিন্দাগণ, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কার্যক্রম এগিয়ে নেব, ইনশাআল্লাহ। এই লক্ষ্য অর্জনে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একটি সংগঠন গড়ে তুলতে চাই। এই সংগঠন স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করবে এবং তাদের সহযোগিতা নেবে। আমাদের এই অত্যধিক ঘনবসতিপূর্ণ এলাকায় জনগণ সম্পৃক্ত না হলে কোনো একটি সংস্থার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। তিনি আরও লেখেন, এই লক্ষ্যে কাজের পাশাপাশি চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধও এই উদ্যোগের আওতায় আনা হবে। আমরা থানা-পুলিশের সঙ্গে সমন্বয় করে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করব।

কিছু পত্রিকা, তাদের ফেসবুক পেজ ও অনলাইন মাধ্যম এবং অন্য কিছু গণমাধ্যম আমাদের এই উদ্যোগ বানচাল করতে চাইবে। সঙ্গে থাকবে যারা এ ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত। একসময় তারাই বিলুপ্ত হয়ে যাবে; আমরাই সফল হব, ইনশাআল্লাহ। এলাকাবাসী ও ভোটারদের আশ্বস্ত করে তিনি লেখেন, আল্লাহ প্রদত্ত মৃত্যু ছাড়া কোনো দালাল মিডিয়া গ্রুপ অথবা অপরাধীরা আমাকে থামাতে পারবে না। এই মিডিয়া আমাদের দেশকে বিকলাঙ্গ করে রাখতে চায়। তাই তাদের বর্জন করে আমরা এগিয়ে যাব। আমরা বাংলাদেশপন্থী, মেধাবী ও দেশপ্রেমিক নতুন প্রজন্মকে নিয়ে নতুন ধারার মিডিয়া গড়ে তুলব, ইনশাআল্লাহ।