জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী স্মরণে মাসব্যাপী বিশেষ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই কর্মসূচির বিস্তারিত ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখতে এবং গণভোটের মাধ্যমে প্রাপ্ত গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংস্কার পরিষদের জরুরি অধিবেশন আহ্বান করা প্রয়োজন। একইসঙ্গে জুলাই হত্যাকাণ্ডের মূল হোতা ও মানবতাবিরোধী অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। এছাড়া শহীদ ওসমান বিন হাদীর খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামী ৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। তিনি আরও উল্লেখ করেন যে, ১১ দলীয় ঐক্য ঘোষিত কর্মসূচিগুলোর প্রতি জামায়াত পূর্ণ সমর্থন জানাবে এবং সেগুলোতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে।
মঙ্গলবার সংবাদ সম্মেলন এবং জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভার মাধ্যমে এই মাসব্যাপী কর্মসূচির সূচনা করা হয়। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, ২ থেকে ৯ জুলাই পর্যন্ত রাজধানী ঢাকায় জুলাইয়ের শহীদ, আহত এবং পঙ্গু হয়ে যাওয়া পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। পাশাপাশি জুলাই স্মৃতিবিজড়িত স্থানগুলোতে স্মৃতিচারণ, বিশেষ আলোচনা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে ঢাকার দুই মহানগরের উদ্যোগে পৃথক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এরপর ১৮ থেকে ৩১ জুলাই পর্যন্ত সারা দেশের বিভিন্ন প্রান্তে জুলাইয়ের শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়, স্মৃতিচারণ এবং দোয়া অনুষ্ঠানের কর্মসূচি চলবে।
আগস্ট মাসের কর্মসূচিগুলো হবে আরও ব্যাপক। ১ আগস্ট সারা দেশে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে বিশাল গণমিছিলের ডাক দেওয়া হয়েছে। ২ থেকে ৪ আগস্ট পর্যন্ত শ্রমিক সংগঠনের নেতৃত্বে বিশেষ কর্মসূচি পালন করা হবে। সবশেষে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ১১ দলের সমন্বয়ে রাজধানীসহ দেশের প্রতিটি জেলা, মহানগর ও উপজেলায় ব্যাপক সমাবেশ ও মিছিল করা হবে, যেখানে জামায়াতে ইসলামী পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করবে।
এ ছাড়া জামায়াতের মহিলা বিভাগ, ছাত্র সংগঠন এবং জুলাই যোদ্ধাদের বিভিন্ন ফোরামের মাধ্যমে গৃহীত পৃথক কর্মসূচিগুলোতেও দলটির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য প্রদান করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা‘ছুম, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আব্দুল হালিম এবং অ্যাডভোকেট এহছানুল মাহবুব জুবায়ের। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি।











