২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক থাকা পুলিশের অন্তত ৮২ জন ক্যাডার কর্মকর্তার মধ্যে তিনজনকে চাকরিচ্যুত করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
যাঁদের চাকরিচ্যুত করা হয়েছে তাঁরা হলেন— র্যাব-১৪ (ময়মনসিংহ)-এর অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, রাজারবাগ পুলিশ টেলিকম সংস্থার টেলিকম অফিসার (সহকারী পুলিশ সুপার) মো. মাহমুদুল হাসান এবং জামালপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মিতু বিশ্বাস।
এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শৃঙ্খলা) কাজী সাইফুল ইসলাম বলেন, ৫ আগস্টের পর থেকে পুলিশের মোট ৮২ জন ক্যাডার কর্মকর্তা পলাতক রয়েছেন। তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে বরখাস্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, প্রাথমিকভাবে ৫৭ জনের একটি তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং এর মধ্যে তিনজনের বরখাস্তের প্রজ্ঞাপন ইতিমধ্যে জারি করা হয়েছে। বাকি পলাতক কর্মকর্তাদেরও পর্যায়ক্রমে বরখাস্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে এবং দ্রুতই তা সম্পন্ন হবে বলে তিনি জানান।











