রামগতি-কমলনগর: লক্ষ্মীপুরের কমলনগরে আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন মিলন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

বুধবার (৮ জুলাই) রাত ৮টার দিকে হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার অফিস কক্ষে সদস্যপদের ফরম পূরণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এ দলে যোগদান করেন। এ সময় জামায়াতের নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে দলে বরণ করে নেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০ টায় যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা হুমায়ুন কবির। তিনি বলেন,আক্তার হোসেন মিলন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের দলে যোগ দিয়েছেন।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, আক্তার হোসেন মিলন দীর্ঘদিন উপজেলার হাজিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে হাজিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদেও আলোচনায় ছিলেন। এর আগে তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন।

এ যোগদানকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে বিভিন্ন মহলের নানা প্রতিক্রিয়া দেখা গেছে।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজুল্লাহ, কমলনগর উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা হুমায়ুন কবির, হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জায়েদ হোসাইন ফারুকী, বর্তমান অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন ও মাতাব্বরনগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী হোসাইনসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা।

যোগদানের বিষয়ে জানতে চাইলে আক্তার হোসেন মিলন অট্রহাসি দিয়ে বলেন, জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি এ দলে যোগদান করেছি। এতে আমার অন্য কোন রাজনৈতিক উদ্দেশ্য নেই।