স্বপন রবি দাশ,হবিগঞ্জ

হবিগঞ্জ শহরতলীর পোদ্দারবাড়ি এলাকা থেকে ট্রাকভর্তি ভারতীয় কসমেটিকস জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক সেলিম ও তাঁর সহকারী (হেলপার) শিপনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর থানা পুলিশ অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। অভিযানে নেতৃত্ব দেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক।

পুলিশ জানায়, ঢাকা মেট্রো-ন-১৯-১১২৫ নম্বরের ট্রাকটি ভারতীয় কসমেটিকস নিয়ে দ্রুতগতিতে বহুলা আঞ্চলিক সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় পুলিশ ট্রাকটির গতিরোধ করে তল্লাশি চালায়। পরে ট্রাক থেকে কার্টনভর্তি ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়। এ ঘটনায় চালক ও সহকারীকে আটক করে থানায় নেওয়া হয়।

পুলিশের দাবি, আটক ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, জব্দ করা পণ্যগুলোর মালিক হবিগঞ্জের বহুলা গ্রামের সোহেল আহমেদ চৌধুরী ও কুমিল্লার বাসার আহমেদ। তবে পণ্যগুলোর আমদানি ও পরিবহনের বৈধ কাগজপত্র ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, ট্রাকসহ দুজনকে থানায় নেওয়ার পর তাঁদের ছাড়িয়ে নিতে স্থানীয় কয়েকজন নেতাকর্মী তৎপরতা চালিয়েছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশের ধারণা, মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ায় চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিরা পণ্য পরিবহনে বিকল্প হিসেবে বাইপাস ও আঞ্চলিক সড়ক ব্যবহার করছেন।

আটকের বিষয়টি নিশ্চিত করেন, হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক। তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।