নিত্যপণ্যের বাজার তদারকিতে সরকারের একাধিক সংস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাজার পরিস্থিতি আরও প্রাতিষ্ঠানিক ও কার্যকর করতে ভবিষ্যতে ৩০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তি ব্যবহারের বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে সদর উপজেলা অডিটোরিয়ামে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত এক পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাজার তদারকির আধুনিকায়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, “এই উন্নত প্রযুক্তির মাধ্যমে উৎপাদন পরিস্থিতি, আবহাওয়ার সম্ভাব্য প্রভাব, আন্তর্জাতিক বাজারের গতিপ্রকৃতি, আমদানির প্রয়োজনীয়তা এবং সামগ্রিক সরবরাহ ব্যবস্থার তথ্য বিশ্লেষণ করে আগাম সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হবে। এআই-ভিত্তিক এই ব্যবস্থা চালু হলে বাজার নজরদারি হবে আরও তথ্যনির্ভর ও কার্যকর। এর ফলে বাজারে কৃত্রিম সংকট তৈরি, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং অস্থিরতা প্রতিরোধে সরকার অনেক দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে সক্ষম হবে।”

পণ্যের মূল্য নির্ধারণের পদ্ধতি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খন্দকার আব্দুল মুক্তাদির উল্লেখ করেন যে, বাংলাদেশে অধিকাংশ পণ্যের দাম মূলত বাজার ব্যবস্থার মাধ্যমেই নির্ধারিত হয়। তবে সংবেদনশীল নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। এজন্য সরকার একটি কার্যকর মূল্য নির্ধারণ কাঠামো প্রণয়নের কাজ শুরু করেছে। সংশ্লিষ্ট সকল অংশীজনদের সাথে বিস্তারিত আলোচনা ও মতবিনিময়ের পর এই মূল্য নির্ধারণ কাঠামোটি চূড়ান্ত করা হবে বলে তিনি জানান।