মোঃ মিঠু মিয়া
গাইবান্ধার বিভিন্ন এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তা পরিচয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ, মাদক ও মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। এ পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার।
অভিযোগ সূত্রে জানা গেছে, ১০ থেকে ১৫ জনের একটি চক্র বিভিন্ন এলাকায় দলবদ্ধভাবে গিয়ে অভিযান পরিচালনার কথা বলে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে। চক্রটির কয়েকজন সদস্য নিজেদের ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে মামলা, গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ভয় দেখিয়ে অর্থ আদায় করছেন বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া মাদকসেবী, মাদক কারবারি, হ্যাকার, ক্যাসিনো এজেন্ট এবং রাজনৈতিক পরিচয়ে পরিচিত কিছু ব্যক্তির বাড়িতে গিয়ে হয়রানি ও অর্থ আদায়ের অভিযোগও উঠেছে।
বিশেষ করে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ও দরবস্ত ইউনিয়নের বিভিন্ন এলাকায় চক্রটির তৎপরতা বেশি বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে। রাতের আঁধারে নির্দিষ্ট কিছু বাড়িতে গিয়ে ডিবি পরিচয়ে ডাকাডাকি ও অর্থ দাবি করার অভিযোগও রয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার ওসি মো. আব্দুল মোত্তালিব সরকারের সঙ্গে কথা হলে তিনি জানান, কথিত চক্রটিকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য ডিবি পুলিশ ও থানা পুলিশ প্রস্তুতি নিয়েছে। চক্রটির মূল হোতাসহ জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও জানান, এ ধরনের চক্রকে শনাক্ত করতে সাধারণ মানুষের সহযোগিতা গুরুত্বপূর্ণ। কেউ ডিবি পুলিশ বা থানা পুলিশের পরিচয় দিয়ে বাড়িতে গেলে কিংবা অভিযান পরিচালনা করলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় ও অভিযানের সত্যতা যাচাই করার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।
পুলিশের পরিচয় যাচাইয়ে যোগাযোগের নম্বর
- ডিবি ওসি, গাইবান্ধা: ০১৩২০-১৩২৫৫৮
- ওসি, গোবিন্দগঞ্জ থানা: ০১৩২০-১৩২৪৮০
- ডিউটি অফিসার, গোবিন্দগঞ্জ থানা: ০১৩২০-১৩২৪৮৫
সাধারণ মানুষকে অপরিচিত ব্যক্তির পরিচয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার, পুলিশের পরিচয় যাচাই করার এবং সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য সংশ্লিষ্ট পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
জনস্বার্থে সতর্ক থাকুন, সচেতন হোন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করুন।















