‎

ফেনী প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী শহর শাখার উদ্যোগে এক বর্নাঢ্য দাওয়াতী সভা ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাসব্যাপী পরিচালিত ব্যাপক দাওয়াতী অভিযানের ধারাবাহিকতায় শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে সনাতন ধর্মাবলম্বী নাগরিক এবং বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের তিন শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। চলমান এ দাওয়াতী কর্মসূচির মাধ্যমে ইতোমধ্যে প্রায় তিন হাজার সাধারণ মানুষ জামায়াতের গণমুখী আদর্শের সাথে সম্পৃক্ত হয়েছেন।

‎ফেনী শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের সভাপতিত্বে এবং শহর সেক্রেটারি মাওলানা সামাউন হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফেনী জেলা আমির মুফতি মাওলানা আব্দুল হান্নান।

‎প্রধান অতিথির বক্তব্যে মুফতি মাওলানা আব্দুল হান্নান বলেন, "দীর্ঘদিনের দুর্নীতি, শোষণ ও চাঁদাবাজিতে সাধারণ মানুষের জীবন আজ অতিষ্ঠ। মানুষ এখন পরিবর্তন চায়, শান্তি ও নিরাপত্তা চায়। এই বৈরী পরিস্থিতি থেকে মুক্তি পেতে এবং একটি নিরাপদ ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে দেশের আপামর জনতা জামায়াতে ইসলামীতে দলে দলে যোগদান করছে।" তিনি নবাগতদের অভিনন্দন জানিয়ে সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

‎সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম বলেন, "জামায়াতে ইসলামী ইনসাফভিত্তিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ এক নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে কাজ করছে। এখানে ধর্ম, বর্ণ বা দলমত নির্বিশেষে প্রত্যেক নাগরিকের ন্যায্য অধিকার ও ধর্মীয় স্বাধীনতার শতভাগ নিশ্চয়তা রয়েছে। আজ সনাতন ধর্মাবলম্বী ভাই এবং বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের বন্ধুদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে—সাধারণ মানুষ ন্যায়ভিত্তিক ও আস্থার রাজনীতির সন্ধান পেয়েছে।"

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ এবং ফেনী জেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম। এছাড়া আরও বক্তব্য রাখেন জেলা সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইলিয়াসসহ শহর ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

‎সমাবেশ শেষে নবাগত নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গকে ফুলেল শুভেচ্ছায় আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন জামায়াত নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, এই গণযোগদান ফেনীর রাজনৈতিক পরিমণ্ডলে সম্প্রীতি বৃদ্ধি এবং ইনসাফপূর্ণ জাতীয় ঐক্যের রাজনীতি বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।