আহমেদ রেজা

কর্ণফুলীতে পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে চট্টগ্রাম দক্ষিণ জেলা থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্যদের উদ্যোগে বিশাল গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিকে ঘিরে কর্ণফুলী এলাকায় মানুষের ঢল নামে।

গণসমাবেশে বক্তারা বলেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী কর্ণফুলী ও আশপাশের এলাকায় শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। আনোয়ারা-কর্ণফুলী-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামসহ সংশ্লিষ্ট নেতারা বলেন, দেশের উন্নয়ন ও সাধারণ মানুষের নিরাপত্তাকে বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।

বক্তারা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণের আহ্বান জানান। তারা বলেন, কর্ণফুলীসহ চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সমাবেশ থেকে দেশকে অস্থিতিশীল করার পেছনে থাকা চক্রান্তকারীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি যেকোনো ধরনের উসকানি, গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সাধারণ মানুষ এবং সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

গণসমাবেশ শেষে সংসদ সদস্যদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের পুরুষ ও নারী সদস্য এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় ১ নম্বর বৈরাগ ইউনিয়নের ইকবাল হায়দার চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের উপস্থিতি ছিল। মিছিলে অংশগ্রহণকারীরা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, কর্ণফুলীসহ দক্ষিণ চট্টগ্রামে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জনগণকে সঙ্গে নিয়ে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।