নারায়ণগঞ্জের ফতুল্লায় গত জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি টাইপ-৫৪ পিস্তলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-১১। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লা থানার কাঠেরপুল এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে এই অস্ত্র ও সরঞ্জামগুলো উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক।
র্যাব জানায়, উদ্ধার হওয়া ভবনটি স্থানীয় ছিনতাইকারী এবং মাদকাসক্তদের আড্ডাখানা হিসেবে ব্যবহৃত হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ওই ভবনে আকস্মিক অভিযান পরিচালনা করে। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে ভবনটিতে নিবিড় তল্লাশি চালিয়ে একটি টাইপ-৫৪ (৭.৬২) পিস্তল, একটি ম্যাগাজিন, চারটি সিসি ক্যামেরা, দুটি গুলতি এবং একটি হ্যান্ড মাইক উদ্ধার করা হয়।
তদন্তে জানা গেছে, উদ্ধারকৃত পিস্তলটি জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে একটি। লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক জানান, উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য আলামতগুলো পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।










