সাতক্ষীরার কালিগঞ্জে ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল ও বোমা হামলার ঘটনা ঘটেছে। এই আকস্মিক হামলায় একজন আহত হয়েছেন এবং স্থানীয় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত শনিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির কার্যালয় লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে জানা গেছে। বিএনপির স্থানীয় নেতাদের দাবি, কার্যালয়ে বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করা হয়, যার মধ্যে দুটি বিস্ফোরিত হয়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে পুলিশ দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ঢালী, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান হাসু এবং ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক রমজান আলী। তারা জানান, গভীর রাতে চালানো এই অতর্কিত বোমা হামলায় একজন নেতাকর্মী আহত হয়েছেন এবং এই ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পি। পরবর্তীতে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদার ও এসআই মতিনের নেতৃত্বে পুলিশের একটি দল এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ফায়ার সার্ভিস সদস্যরা এলাকাটি নিরাপদ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বিস্ফোরণের প্রকৃত কারণ খতিয়ে দেখেন।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজনৈতিক কার্যালয়ে এ ধরনের হামলা কোনোভাবেই কাম্য বা গ্রহণযোগ্য নয়। তারা এই ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। একই সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সহিংসতা পরিহার করে একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান স্থানীয় নেতৃবৃন্দ।
এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঘটনাটি বর্তমানে পুলিশি তদন্তাধীন রয়েছে। তদন্ত প্রক্রিয়া শেষ করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।










