আমিনুল ইসলাম

গাইবান্ধা শহরের কাছারি বাজার প্রেসক্লাবে বুধবার (৬ আগস্ট ২০২৬) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসএ টিভির গাইবান্ধা জেলা প্রতিনিধি কায়সার প্লাবন অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে।

তিনি দাবি করেন, তার প্রকৃত পরিচয় প্রকাশ পাওয়ার পর একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে যাচাই-বাছাই ছাড়াই ফেসবুকভিত্তিক প্ল্যাটফর্ম ‘চমক টিভি’-তে বিভিন্ন মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করছে। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি বাড়ির ডিজাইন ব্যবহার করেও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে কায়সার প্লাবন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য প্রকাশের স্বাধীনতা থাকলেও মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের আইনগত পরিণতি রয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত বলে প্রচার করা দায়িত্বশীল আচরণ নয় বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে প্রচারিত বিভিন্ন পোস্ট, স্ক্রিনশট ও অন্যান্য আলামত সংগ্রহ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জমা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মামলা দায়েরের পর মামলার নম্বরসহ বিস্তারিত তথ্য গণমাধ্যমের সামনে প্রকাশ করা হবে বলেও তিনি জানান।

এ সময় তিনি দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা, তথ্য প্রকাশের আগে যথাযথ যাচাই-বাছাই এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন কায়সার প্লাবন।

উল্লেখ্য, এ প্রতিবেদনে বর্ণিত বিষয়গুলো সংবাদ সম্মেলনে কায়সার প্লাবনের উত্থাপিত অভিযোগ ও দাবির ভিত্তিতে প্রকাশ করা হয়েছে