এম এ এহসান রিয়াজ
লক্ষ্মীপুরের কমলনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ভুয়া জুলাই যোদ্ধার অভিযোগ তুলে আকরাম হোসেন জিসানকে বক্তব্যের মঞ্চ থেকে নামিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
এ নিয়ে অনুষ্ঠানে হট্রগোলের চেষ্টা করা হলে ইউএনও মো.রাহাত উজ জামান এর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং নির্ধারিত কর্মসূচি অনুযায়ী অনুষ্ঠান শেষ হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অনুষ্ঠানে জুলাই যোদ্ধা হিসেবে বক্তব্য দেওয়ার জন্য আকরাম হোসেন জিসানের নাম ঘোষণা করা হয়। তিনি বক্তব্য দিতে মঞ্চে উঠলে যুব শক্তির নেতা মো. জোনায়েদ মঞ্চের সামনে গিয়ে প্রতিবাদ জানান।
এসময় তিনি অভিযোগ করেন, আকরাম হোসেন জিসান প্রকৃত জুলাই যোদ্ধা নন এবং জুলাই আন্দোলনে তার কোনো ভূমিকা ছিল না। বরং সমন্বয়ক পরিচয় ব্যবহার করে ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণের মাধ্যমে প্রকৃত সমন্বয়ক ও জুলাই যোদ্ধাদের অপমান করেছে। পরে পরিস্থিতি বিবেচনায় আকরাম হোসেন জিসান বক্তব্য না দিয়েই মঞ্চ থেকে নেমে যান।
এ বিষয়ে প্রতিবাদকারী মো. জোনায়েদ বলেন, আকরাম হোসেন কোনো সমন্বয়ক বা জুলাই যোদ্ধা নন। জেলার এক সমন্বয়কের সহপাঠী হওয়ার সুবাদে তিনি নিজেকে সমন্বয়ক হিসেবে পরিচয় দিতেন। এই পরিচয় ব্যবহার করে ইউনিয়ন পরিষদে দরিদ্রদের জন্য বরাদ্দ চালসহ বিভিন্ন সুবিধা এবং এনসিপির পরিচয়ে নানা সুযোগ-সুবিধা ভোগ করেছেন। এতে প্রকৃত জুলাই যোদ্ধারা অপমানিত ও বঞ্চিত হয়েছেন। একজন প্রকৃত জুলাই যোদ্ধা হিসেবে আমি এর প্রতিবাদ করেছি।







