কারিগরি ত্রুটি বা সার্ভারের সমস্যার কারণে ফেসবুকের ডেস্কটপ ভার্সন ব্যবহারে বিঘ্ন ঘটছে। রোববার দুপুর থেকেই এই সমস্যা শুরু হয়েছে। প্ল্যাটফর্মটিতে লগ-ইন করতে গিয়ে অনেক ব্যবহারকারী ‘অ্যাকাউন্ট টেম্পোরারি ডিজেবল’ কিংবা পেজ লোড না হওয়ার মতো সমস্যার সম্মুখীন হচ্ছেন।

ধারণা করা হচ্ছে, মেটার ব্যাকএন্ড আপডেট অথবা সার্ভারের অভ্যন্তরীণ জটিলতার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এই ভোগান্তির কথা জানাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) #FacebookDown হ্যাশট্যাগ ব্যবহার করেছেন অসংখ্য ব্যবহারকারী।

অনেকে ত্রুটির বার্তার স্ক্রিনশটও শেয়ার করেছেন। তবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।