বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের জন্য একটি সুনির্দিষ্ট আইনি কাঠামোর প্রয়োজনীয়তার কথা বলেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, বিচারিক প্রক্রিয়ায় রায় লেখার ক্ষেত্রে এআই-এর ব্যবহার অনুচিত। শনিবার (২৯ আগস্ট) এশিয়াটিক সোসাইটি ফর বাংলাদেশের আয়োজনে 'এআই গভর্নেন্স সামার স্কুল'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা উল্লেখ করেন।
বিচারকদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, রায়ের প্রকৃত উদ্দেশ্য ও বিচারিক স্বচ্ছতা বজায় রাখতে এআই-এর ওপর নির্ভর করা উচিত নয়। তিনি মনে করেন, যান্ত্রিক বুদ্ধিমত্তা বিচারকের বিবেকের বিকল্প হতে পারে না, ফলে এতে রায়ের মূল লক্ষ্য ব্যাহত হওয়ার ঝুঁকি থাকে। এছাড়া এআই ব্যবহারের ক্ষেত্রে মানুষের মৌলিক অধিকার যেন কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সকলকে সর্বোচ্চ সচেতন থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন পেশার বিশেষজ্ঞ ও শিক্ষার্থীদের উদ্দেশে এআই-এর দায়িত্বশীল ব্যবহারের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন প্রধান বিচারপতি। এ সময় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও দৈনন্দিন জীবনে এর ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিনসহ অন্যান্য আমন্ত্রিত বক্তারা।




















