জাহিদ মিয়া /আলামিন হক বিজয়

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়।

রাজশাহী-৫ আসনের অন্তর্গত দুর্গাপুর উপজেলা দীর্ঘদিন ধরেই বিএনপির অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ছয়টি আসনের মধ্যে রাজশাহী-৫ আসনে বিএনপি উল্লেখযোগ্য ভোট পায় এবং বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন অধ্যাপক মো. নজরুল ইসলাম মন্ডল।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. নজরুল ইসলাম মন্ডল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের এক ক্রান্তিলগ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদ দলটির মূল আদর্শ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ আপসহীন সংগ্রাম দেশের গণতান্ত্রিক আন্দোলনের গুরুত্বপূর্ণ অধ্যায়।”

তিনি আরও বলেন, “বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে আইনের শাসন, ন্যায়বিচার, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে দল কাজ করে যাচ্ছে। জনগণের মৌলিক অধিকার হরণের অপচেষ্টা রোধে দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।”

আলোচনা সভায় বক্তব্য দেন রাজশাহী জেলা বিএনপির সদস্য, দুর্গাপুর পৌরসভার দুইবারের সাবেক মেয়র এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সাইদুর রহমান মন্টু। তিনি বলেন, “দলের নীতি অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে—সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন নির্বাচনে—একাধিক প্রার্থী না রেখে প্রতিটি পদে একজন করে একক প্রার্থী মনোনয়ন দেওয়া হবে।”

এ সময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।