পরিকল্পিতভাবে পার্শ্ববর্তী দেশ থেকে বাংলাদেশে মাদক প্রবেশ করানো হচ্ছে এবং এমনকি ড্রোনের মাধ্যমে ইয়াবা পৌঁছে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। সোমবার দুপুরে খুলনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই কথাগুলো বলেন।
আইনমন্ত্রী উল্লেখ করেন, বর্তমানে মাদক চোরাচালানের কৌশল পরিবর্তিত হয়েছে এবং ড্রোনের সাহায্যে বিভিন্ন স্থানে মাদক পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, মাদক সমস্যা এখন আর কেবল খুলনার সীমাবদ্ধ নয়, বরং এটি একটি জাতীয় সমস্যা। এই পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে ডোপ টেস্টের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ হিসেবে গত ১৭ বছরের প্রশাসনিক দলীয়করণের কথা উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, দীর্ঘদিনের জমে থাকা এই 'আবর্জনা' পরিষ্কার করতে বর্তমান সরকারকে পর্যাপ্ত সময় দিতে হবে। সন্ত্রাস দমনে সরকার ক্রসফায়ারের পথে হাঁটবে না বলে তিনি স্পষ্ট করেন। তবে সন্ত্রাস দমনে বিদ্যমান আইনের প্রয়োজনীয় পরিবর্তন আনতে সরকার গুরুত্ব দেবে। পাশাপাশি মাদক ও সন্ত্রাস দমনে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।















