স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। মোট সাতটি ধাপে এই নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা করেছে কমিশন। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।
কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম ধাপে ১২ নভেম্বর ৮০টি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপ ৩০ ডিসেম্বর, চতুর্থ ধাপ ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপ ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২ এপ্রিল এবং সপ্তম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৭ মে।
নির্বাচন কমিশনার জানান, বিদ্যমান আইন পরিবর্তন না হলে বর্তমান নিয়ম মেনেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া নির্বাচন প্রক্রিয়া নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে কমিশন। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশন—এই পাঁচ ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচন আয়োজন করতে হবে। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, শুরুতে ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করা হবে। এই লক্ষ্যে গতকাল রোববার থেকে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন।















