মোঃ মিঠু মিয়া

ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের ব্যবসার প্রসার ও পণ্যের বাজার সম্প্রসারণে নতুন সুযোগ তৈরি হয়েছে গাইবান্ধায়। আসন্ন বাণিজ্য মেলায় বিসিক ও নাসিবের ৪০ জন ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাকে স্টল বরাদ্দ দেওয়ার উদ্যোগ নিয়েছে গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের মেলায় অংশগ্রহণ ও স্টল বরাদ্দের বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সামিউল হুদা সুমেল ।

সভায় স্থানীয় ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের তৈরি পণ্য প্রদর্শন, বিক্রয়, বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা তৈরির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার পর এবারের বাণিজ্য মেলায় ৪০ জন বিসিক ও নাসিবভুক্ত উদ্যোক্তাকে স্টল বরাদ্দের সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

এ উদ্যোগের ফলে স্থানীয় উদ্যোক্তারা সরাসরি ক্রেতাদের কাছে নিজেদের তৈরি পণ্য তুলে ধরার সুযোগ পাবেন। একই সঙ্গে পণ্যের পরিচিতি বাড়ানো, নতুন বাজার সৃষ্টি এবং ব্যবসার পরিধি সম্প্রসারণের পথও তৈরি হবে।

ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তারা বলেন, বড় ব্যবসায়ীদের পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য মেলায় স্টল বরাদ্দের উদ্যোগ অত্যন্ত ইতিবাচক। এতে অনেক উদ্যোক্তা প্রথমবারের মতো বৃহৎ পরিসরে নিজেদের পণ্য ক্রেতাদের সামনে তুলে ধরার সুযোগ পাবেন।

উদ্যোক্তারা গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এ উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের জন্য এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

নাসিবের পক্ষ থেকেও ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের জন্য মেলায় স্টল বরাদ্দের সুযোগ সৃষ্টি করায় গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

চেম্বার সংশ্লিষ্টরা বলছেন, স্থানীয় উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হলে শুধু উদ্যোক্তারাই লাভবান হবেন না, বরং কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতির গতিশীলতাও বাড়বে। ক্ষুদ্র উদ্যোক্তাদের পাশে থেকে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা করা হচ্ছে।