শাহাবুদ্দিন আহামেদ বেনাপোল
‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই স্লোগানকে সামনে রেখে শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া পূজামণ্ডপ পরিদর্শন করেছেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে তিনি পূজামণ্ডপে উপস্থিত হন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁর সঙ্গে ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান লিটন বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার।” ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতায় নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের প্রসঙ্গ তুলে নুরুজ্জামান লিটন বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষের সমর্থন ও ভোট বিএনপির রাজনৈতিক পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সব ধর্মের মানুষের অংশগ্রহণ ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মধ্য দিয়ে একটি সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
উপস্থিত ছিলেন যাঁরা
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি রুহুল আমিন, ইউনিয়ন বিএনপি নেতা মুনায়েম ও আলমগীর হোসেন, যুবনেতা কবির হোসেন ও সোহাগ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সেলিম হোসেন এবং শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগরসহ স্থানীয় নেতাকর্মীরা।
পরিদর্শনকালে বিএনপি নেতারা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে উৎসব উদ্যাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।















