মো: আল-মাহফুজ শাওন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনার খালিশপুরে শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও শিশুর মাঝে বস্ত্র বিতরণ করেছে নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

সোমবার (১৯ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচিতে নারীদের শাড়ি, পুরুষদের লুঙ্গি এবং শিশুদের পোশাক বিতরণ করা হয়। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষকতা করেন নাহিয়ান ফাউন্ডেশন অফ ইউএসএর প্রতিষ্ঠাতা শায়লা আজীম। সার্বিক সহযোগিতায় ছিলেন খুলনা মহানগরের খালিশপুর থানা বিএনপির ১০ নম্বর ওয়ার্ডের সদস্য এবং খুলনা সিটি করপোরেশনের ৭, ৮ ও ১০ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী তাহেরা সুলতানা রত্না।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক সরকারি কর্মকর্তা ও সমাজসেবক এ এম নাহিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন হাবিবুর রহমান খান, মো. আব্দুল হাই (কালু), হৃদয় হাসেম আসমত, জাহাঙ্গীর কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকেরা জানান, মানুষের পাশে দাঁড়ানো এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য জোরদার করাই এ ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্য।

ধর্ম যার যার, উৎসব সবার—মানবতার বন্ধনে গড়ে উঠুক সম্প্রীতির বাংলাদেশ।