টেকনাফ প্রতিনিধি

বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গণতন্ত্র ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলনে তাঁর নেতৃত্বের কথা উল্লেখ করে বিএনপি নেতাকর্মীরা তাঁকে ‘আপসহীন দেশনেত্রী’ হিসেবে অভিহিত করে থাকেন। তাঁর ৮২তম জন্মদিন উপলক্ষে কক্সবাজারের টেকনাফে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৃথক দুটি মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার টেকনাফ উপজেলা বিএনপি কার্যালয় এবং টেকনাফ পৌর বিএনপি কার্যালয়ে পৃথকভাবে এসব মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের সুদৃঢ় প্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

প্রথমে টেকনাফ উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপি কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ হাসান সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহদাত হোসেন।

এ ছাড়া রাশেদুল হক মারকিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন।

পরবর্তীতে টেকনাফ পৌর বিএনপির উদ্যোগে পৌর বিএনপি কার্যালয়ে পৃথক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে পৌরসভার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন টেকনাফ পৌর বিএনপির সদস্য সচিব হাফেজ এনামুল হাসান।

অনুষ্ঠানে টেকনাফ পৌর বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক ছাড়াও মোহাম্মদ ইসমাঈল, আব্দুস সালাম, ফরহাদ আমিন, জাকের হোসাইন, সেলিম, নুরুল কবির রাজু, নুর মোহাম্মদ নুরী, হাজী সৈয়দ আলম, আব্দুর রহিম, আব্দুল্লাহ আল-মামুন, ফরিদ আলম ও হাবিবুর রহমান জাহাঙ্গীরসহ নবগঠিত পৌর কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মোনাজাত শেষে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

তাঁর রাজনৈতিক আদর্শ ও গণতান্ত্রিক চেতনাকে ধারণ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তাঁরা।

পরে দেশ, জাতি ও গণতন্ত্রের শান্তি, সমৃদ্ধি এবং অগ্রযাত্রা কামনার মধ্য দিয়ে উপজেলা ও পৌর বিএনপির পৃথক দুটি কর্মসূচির সমাপ্তি ঘটে।