দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে উন্মুক্ত দরপতন ছাড়াই ১৪ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন ও জনস্বার্থে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। সরাসরি ক্রয় পদ্ধতিতে সাতটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের কাছ থেকে এই এলএনজি সংগ্রহ করা হবে।
বুধবার (১৯ আগস্ট) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পেশ করা প্রস্তাব অনুযায়ী, দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মেটাতে এবং সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে এই জরুরি উদ্যোগ নেওয়া হয়েছে। মোট ১৪ কার্গো গ্যাসের মধ্যে প্রতিটি প্রতিষ্ঠানের কাছ থেকে দুই কার্গো করে এলএনজি কেনা হবে।
সরকারি ক্রয় সংক্রান্ত আইন ও বিধিমালা কঠোরভাবে অনুসরণ করে এই সম্পূর্ণ ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে। এ ক্ষেত্রে সরকারি ক্রয় আইন ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা ২০২৫-এর ১০৭, ৯৭ ও ৯৮ বিধির যথাযথ প্রয়োগ নিশ্চিত করা হবে। বৈঠকে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বিস্তারিত প্রস্তাবটি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে তা নীতিগত অনুমোদনের জন্য সুপারিশ করেছে।










