কক্সবাজারের টেকনাফ হাইওয়েতে দিনদুপুরে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাইওয়ে সড়কে পরিকল্পিতভাবে ‘ব্যারিকেড’ (পেরেকযুক্ত কাঠ) ফেলে একটি যাত্রীবাহী বাস থামিয়ে সশস্ত্র ডাকাত দল নগদ অর্থ ও মূল্যবান মালামাল লুট করেছে বলে অভিযোগ উঠেছে। এসময় আতঙ্ক সৃষ্টি করতে ডাকাতরা বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং এক যাত্রীকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।

ঘটনাটি ঘটেছে রোববার (২ আগস্ট) দুপুরে টেকনাফের দমদমিয়া সংলগ্ন ১৪ নম্বর ব্রিজ এলাকায়। জানা গেছে, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি পালকি পরিবহনের যাত্রীবাহী বাস যখন ওই এলাকায় পৌঁছায়, তখন সড়কে পেতে রাখা পেরেকযুক্ত কাঠের ব্যারিকেডের কারণে বাসটি হঠাৎ থেমে যায়। এই সুযোগটি কাজে লাগিয়ে সশস্ত্র ডাকাতরা বাসে চড়িয়া যাত্রীদের কাছ থেকে টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।

এই অরাজক পরিস্থিতির মধ্যে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার বাসিন্দা মো. আল আরমান (২৫) ডাকাতদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার জটিলতার কথা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, হঠাৎ গুলির বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি আরও বলেন, খবর পেয়ে স্থানীয়রা যখন ঘটনাস্থলে পৌঁছান, তখন দেখেন এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। ডাকাতরা শুধু সাধারণ যাত্রীদেরই নয়, বাসে থাকা বিকাশের এজেন্ট বা কর্মীদের কাছ থেকেও মোটা অঙ্কের টাকা লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পরপরই খবর পেয়ে পুলিশ, বিজিবি এবং কোস্ট গার্ডের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তারা সড়কে ফেলে রাখা ব্যারিকেডটি সরিয়ে নিজেদের হেফাজতে নেন এবং বিস্তারিত তদন্ত শুরু করেন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সুরাইয়া জানান, ছুরিকাঘাতে আহত মো. আল আরমান চিকিৎসার জন্য তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন। তাকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দমদমিয়া সংলগ্ন হাইওয়ে সড়কে ডাকাতির খবর পেয়ে পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডের সদস্যরা দ্রুত পদক্ষেপ নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তিনি জানান, এ ঘটনায় মো. আল আরমান নামের এক যুবক আহত হয়েছেন। পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে পুরো বিষয়টি তদন্ত করছে এবং জড়িত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারে বিশেষ অভিযান চালানো হচ্ছে। দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে তিনি উল্লেখ করেন।