ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই আসামিসহ পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার মনিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
আহত পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল মো. মোস্তফা (৩০), মো. জুম্মান (৩০) ও পিকআপভ্যানের চালক নায়েক তোফায়েল আহমেদ (৪২)। আহত দুই আসামি হলেন মাদক মামলায় রিমান্ডে থাকা মহন মিয়া (৪৫) ও পারিবারিক মামলার আসামি রুজিনা বেগম (৩৫)। তাঁদের দুজনের বাড়ি বিজয়নগর উপজেলায় বলে জানা গেছে। অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরে বিজয়নগর থানা থেকে দুই আসামিকে নিয়ে পুলিশের পিকআপভ্যানটি ব্রাহ্মণবাড়িয়া আদালতের দিকে যাচ্ছিল। পথে মনিপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে তিন পুলিশ সদস্য ও দুই আসামি আহত হন।
















