অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে শিক্ষার্থীদের অবশ্যই কম্পিউটার সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে। শুধু প্রচলিত শিক্ষায় শিক্ষিত হলেই চলবে না, তাদের প্রযুক্তিগত দক্ষতা, ডিজিটাল পদ্ধতিতে শেখার সক্ষমতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। এসব দক্ষতা ছাড়া ভবিষ্যৎ পৃথিবীর সঙ্গে প্রতিযোগিতা করে টিকে থাকা কঠিন হয়ে পড়বে।
শুক্রবার ৯ অক্টোবর দুপুরে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্কুলজীবনের স্মৃতিচারণ করে অর্থমন্ত্রী বলেন, ঐতিহাসিকভাবেই এই শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষাক্ষেত্রে গৌরবোজ্জ্বল কৃতিত্বের পরিচয় দিয়ে আসছে। বিদ্যালয়ে প্রবেশের পর নিজের শিক্ষাজীবনের বহু স্মৃতি মনে পড়ে যায়। স্কুলের প্রাত্যহিক সমাবেশ, ক্রিকেট খেলা এবং গ্রন্থাগারকে ঘিরে শৈশবের স্মৃতিগুলো আজও হৃদয়ে অমলিন হয়ে আছে। মানুষ জীবনের অনেক ঘটনা ভুলে গেলেও স্কুলজীবনের স্মৃতি সহজে ভুলতে পারে না। আমার সেই শ্রদ্ধেয় শিক্ষকদের নাম এখনো স্পষ্ট মনে আছে। স্কুলের দপ্তরিসহ যারা বিভিন্নভাবে এই শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের স্মৃতিও মনের মধ্যে ছবির মতো গেঁথে রয়েছে।
তিনি আরও বলেন, স্কুলটির সুষ্ঠু পরিচালনা, সার্বিক উন্নয়ন এবং ভবিষ্যৎ শিক্ষার্থীদের সর্বোত্তম শিক্ষা নিশ্চিত করার বিষয়টি আমার কাছে সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলেজিয়েট স্কুলের গ্রন্থাগার আগের মতো কার্যকর নেই জানতে পেরে তিনি দুঃখ প্রকাশ করেন। অর্থমন্ত্রী বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রন্থাগার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের জ্ঞান অর্জন ও পাঠাভ্যাস গড়ে তুলতে গ্রন্থাগারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। এখানে কম্পিউটার ল্যাব নেই জেনে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, এই যুগে কম্পিউটার ল্যাব ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠান চলতেই পারে না। এখানে দ্রুত কম্পিউটার ল্যাব করে দেওয়া হবে। এর আগে সকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নগরীর পতেঙ্গায় চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে নির্মিত সাইকেল ট্র্যাকের উদ্বোধন করেন। সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ এই ট্র্যাকে কেবল সাইকেল আরোহীরা চলাচল করতে পারবেন। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের উদ্যোগ দেশে এটাই প্রথম। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ তজল্লী আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রামের আঞ্চলিক উপপরিচালক মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী।
সূত্র বাসস।
















