চট্টগ্রাম নগরীতে এক ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের তাণ্ডব চালানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোরালো দাবি জানিয়েছেন তিনি। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই দাবি উত্থাপন করেন। ডা. শফিকুর রহমান বলেন, চট্টগ্রাম নগরীতে ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে ঢুকে তাণ্ডব চালানো দুর্বৃত্তদের কোনো সামাজিক বা রাজনৈতিক পরিচয় থাকলে তা প্রকাশ করা হোক।

তাদের দ্রুত পাকড়াও করে আইনের আওতায় আনা জরুরি। তবে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, "জানি না কঠিন শাস্তির বিধান হবে কি না, লক্ষণ খুব একটা ভালো নয়।" তিনি আরও বলেন, সরকার কার্যকর নিরাপত্তা দিতে পারছে না বলে এখন জনগণকেই নিজেদের আত্মরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নিতে হবে।

একের পর এক অভিনব ঘটনা ঘটেই চলছে; তিনি প্রশ্ন তোলেন, এদের খুঁটির জোর আসলে কোথায়?