কাজের সূত্রে বেশ কিছুদিন ধরে ইন্দোনেশিয়ার বালিতে অবস্থান করছেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। সেখান থেকে নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করছিলেন তিনি। এর মধ্যেই শুটিং চলাকালে দুর্ঘটনার শিকার হন এই অভিনেত্রী। ইন্ডাস্ট্রি সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার পরপরই তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। সূত্রের দাবি, অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে একটি নতুন সিনেমায় জুটি বাঁধতে যাচ্ছেন নুসরাত। ধারণা করা হচ্ছে, ওই সিনেমার শুটিংয়ের সময়ই আহত হয়েছেন তিনি। শোনা গেছে, সিনেমাটির পরিচালক শুরু থেকেই এই চরিত্রের জন্য নুসরাতকেই পছন্দ করেছিলেন। যদিও বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। এর আগেও শুটিং সেটে দুর্ঘটনার মুখে পড়েছিলেন নুসরাত। ২০২৩ সালে আকেলি সিনেমার শুটিং চলাকালে গুরুতর আহত হন তিনি। তখন তার মুখ ও ভ্রূর কাছের অংশে সেলাই দিতে হয়েছিল। চিকিৎসকেরা তাকে পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন। এ ছাড়া একবার টানা কাজের চাপে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। দীর্ঘদিন ব্যথায় ভুগে ঠিকমতো দাঁড়াতে ও কথা বলতেও কষ্ট হয়েছিল তার। বর্তমানে বালির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নুসরাত ভারুচা। তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি। ভক্ত ও সহকর্মীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন।