সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত ৪৬তম ‘কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায়’ বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকাকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। অত্যন্ত মর্যাদাপূর্ণ এই আন্তর্জাতিক প্রতিযোগিতার ৩০ পারা হিফজ বিভাগে প্রথম স্থান অর্জন করে বিশ্বসেরার গৌরব অর্জন করেছেন তিনি। একই প্রতিযোগিতার ৩০ পারা হিফজ বিভাগেই তৃতীয় স্থান অধিকার করেছেন বাংলাদেশের আরেক প্রতিনিধি হাফেজ মাহমুদুল হাসান আশরাফী।

বুধবার (১৯ আগস্ট) মক্কার পবিত্র মসজিদুল হারামে এক বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী হাফেজ নুরুদ্দিন জাকারিয়া বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে এই অভাবনীয় সাফল্য অর্জন করেছেন। পবিত্র কোরআন হিফজ, তিলাওয়াত এবং তাফসিরভিত্তিক এই আন্তর্জাতিক আয়োজনে এবার বিশ্বজুড়ে ১৩৩টি দেশ থেকে মোট ৩৩৪ জন হাফেজ অংশগ্রহণ করেন। আয়োজক কর্তৃপক্ষের তথ্যমতে, প্রতিযোগিতার ৪৬ বছরের ইতিহাসে এবারই সর্বোচ্চ সংখ্যক প্রতিযোগী অংশ নিয়েছেন, যা একটি নতুন রেকর্ড।

মুসলিম তরুণদের কোরআন মুখস্থ করা, এর গভীর মর্মার্থ অনুধাবন করা এবং নিয়মিত কোরআন চর্চায় অনুপ্রাণিত করাই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য। এছাড়া বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা হাফেজদের যথাযথ সম্মান প্রদান এবং তাদের মেধা মূল্যায়নে কিং আবদুল আজিজ আন্তর্জাতিক প্রতিযোগিতা দীর্ঘকাল ধরে বিশেষ ভূমিকা পালন করে আসছে।

উল্লেখ্য যে, এবারের আসরে এক নতুন উদ্যোগ হিসেবে প্রথমবারের মতো নারী প্রতিযোগীদের জন্য পৃথক বিভাগের ব্যবস্থা রাখা হয়েছিল। নারী বিভাগের সমাপনী অনুষ্ঠানটি মক্কার হিলটন হোটেল অ্যান্ড কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। অন্যদিকে, পুরুষ বিভাগের সমাপনী এবং মূল পুরস্কার বিতরণী উৎসবটি অনুষ্ঠিত হয় পবিত্র মসজিদুল হারামে। পাঁচটি ভিন্ন বিভাগে আয়োজিত এই আসরের মোট পুরস্কারের মূল্য ছিল ১ কোটি ২ লাখ ৬০ হাজার সৌদি রিয়াল, যা এই প্রতিযোগিতার ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ বাজেট।