মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্ত এলাকায় বিএসএফ কর্তৃক এক বাংলাদেশি কৃষককে ধরে নেওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে স্থানীয় গ্রামবাসী দুই ভারতীয় নাগরিককে আটক করে। মঙ্গলবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের পর উভয় পক্ষের আটক ব্যক্তিদের মুক্তি দেওয়া হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টার দিকে সদর উপজেলার ইছাখালী সীমান্তে এই ঘটনা ঘটে। আটক বাংলাদেশি কৃষক আব্দুল মান্নান (৭০), ইছাখালী মসজিদ পাড়ার মৃত নূর বক্সের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল মান্নান দীর্ঘ বছর ধরে সীমান্ত সংলগ্ন এলাকায় কাঁচা মরিচসহ বিভিন্ন ধরনের ফসল চাষ করে জীবিকা নির্বাহ করছেন। এদিন সকালে ভারতীয় নাগরিকদের মালিকানাধীন এক লীজ নেওয়া জমিতে মরিচ ক্ষেতে কীটনাশক স্প্রে করার সময় বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।
আব্দুল মান্নানকে ধরে নিয়ে যাওয়ার খবর দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তারা সীমান্ত এলাকায় অবস্থানরত দুই ভারতীয় কৃষককে আটক করে নিয়ে আসেন। আটক ওই দুই ভারতীয় নাগরিকের নাম সচিন কর্মকার ও নারায়ণ দেব। সীমান্ত এলাকায় তৈরি হওয়া এই উত্তেজনা প্রশমনে দ্রুত পদক্ষেপ নেয় বিজিবি ও বিএসএফ। উভয় বাহিনীর মধ্যে একটি জরুরি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
দুপুর ২টার দিকে ইছাখালী সীমান্তে বিএসএফ কর্তৃক আটক বাংলাদেশি কৃষক আব্দুল মান্নানকে মুক্তি দেওয়া হয়। এর পরপরই বিজিবি ও স্থানীয়দের মাধ্যমে দুই ভারতীয় নাগরিককেও ছেড়ে দেওয়া হয়। পতাকা বৈঠকে বিজিবি-র পক্ষে নেতৃত্ব দেন ইছাখালি বিওপির ক্যাম্প কমান্ডার সুবাদার আবু হানিফ এবং বিএসএফ-এর পক্ষে উপস্থিত ছিলেন নব চন্দ্রপুর বিওপির কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর রাজীব কুমার। বর্তমানে ওই সীমান্ত এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।








