শিল্পখাতের নানা সংকট ও চ্যালেঞ্জের মাঝেও তৈরি পোশাক রপ্তানিতে স্বস্তির খবর পেল বাংলাদেশ। ডব্লিউটিওর ‘ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ২০২৫’-এর প্রতিবেদন অনুযায়ী, টানা পাঁচবারের মতো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। বৈশ্বিক পোশাক রপ্তানি কিছুটা হ্রাস পেলেও শীর্ষস্থানটি এখনো চীনের দখলে। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভিয়েতনাম, চতুর্থ স্থানে ভারত এবং পঞ্চম স্থানে অবস্থান করছে তুরস্ক।
প্রতিবেদনটি বলছে, গত বছর বাংলাদেশ ৩৮ দশমিক ৮২ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে, যা নিকটতম প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের তুলনায় প্রায় ২ বিলিয়ন ডলার বেশি। তবে প্রবৃদ্ধির হারে ভিয়েতনামের তুলনায় বাংলাদেশ পিছিয়ে রয়েছে। বছর ব্যবধানে বাংলাদেশের রপ্তানি বেড়েছে মাত্র ১ শতাংশ, যেখানে ভিয়েতনামের প্রবৃদ্ধি ছিল প্রায় ১১ শতাংশ।
এই পরিস্থিতি নিয়ে অর্থনীতিবিদ মাহফুজ কবির বলেন, ভিয়েতনাম অত্যন্ত দ্রুত গতিতে বাংলাদেশের দিকে এগিয়ে আসছে। একই সঙ্গে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও কম্বোডিয়ার মতো দেশগুলোও প্রতিযোগিতায় নিজেদের অবস্থান শক্তিশালী করছে। তাই দ্বিতীয় স্থানটি ধরে রাখতে হলে বাংলাদেশকে এখন থেকেই উৎপাদনে অটোমেশনের প্রসার ঘটাতে হবে এবং সামগ্রিক প্রতিযোগিতা সক্ষমতা আরও জোরদার করতে হবে।











