বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহারের জন্য ভারত থেকে ২.০৩ টন টিয়ার গ্যাস শেল আমদানি করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় বেনাপোল স্থলবন্দর দিয়ে এই বিশেষ চালানটি খালাস করে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে যশোর ক্যান্টনমেন্টে পাঠানো হয়। বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপ-পরিচালক) রুহুল আমিন এই তথ্য নিশ্চিত করেছেন।

বন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ভারতের ‘নরেন্দ্র এক্সপ্লোসিভ লিমিটেড’ থেকে ১৪৫টি কাঠের বাক্সে করে এই কাঁদুনে গ্যাস আনা হয়েছে। বন্দরে পৌঁছানোর পর দ্রুততম সময়ে প্রয়োজনীয় শুল্ক পরিশোধ এবং দাপ্তরিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করে চালানটি খালাস দেওয়া হয়। এরপর ঢাকা মেট্রো-ন-১৯-৩৭৫৩ নম্বরের একটি কাভার্ড ভ্যানে করে চালানটি যশোর ক্যান্টনমেন্টে পাঠানো হয়। আগামী ৯ আগস্ট সেখান থেকে এই সরঞ্জামগুলো ঢাকায় স্থানান্তর করা হবে বলে জানা গেছে।

এই স্পর্শকাতর চালানটির নিরাপত্তায় বেনাপোল বন্দর থেকে শার্শা পর্যন্ত বিজিবি সদস্যরা সতর্কতার সাথে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে শার্শা থেকে যশোর সেনানিবাস পর্যন্ত নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ দল।