প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভায় নতুন কয়েকজন সদস্য যুক্ত হতে যাচ্ছেন। শপথ গ্রহণের আনুষ্ঠানিকতার জন্য তারা বর্তমানে বঙ্গভবনের দরবার হলে অপেক্ষা করছেন।
নতুনভাবে মন্ত্রিসভায় যুক্ত হতে যাওয়া এই চারজনের মধ্যে দুজন পূর্ণ মন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে নিযুক্ত হচ্ছেন।
পাশাপাশি, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ দায়িত্ব পাচ্ছেন তথ্যমন্ত্রী হিসেবে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পাচ্ছেন বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
এদিকে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পূর্ণ মন্ত্রীর মর্যাদা দেওয়া হতে পারে। মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রমতে, মন্ত্রিসভায় রদবদলের অংশ হিসেবে বিমান, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি, স্থানীয় সরকার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়গুলোতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসার জোরালো সম্ভাবনা রয়েছে।















