প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের নাম ব্যাপকভাবে আলোচনায় আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।

শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনের দরবার হলে নতুন মন্ত্রীদের শপথগ্রহণের প্রাক্কালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই সাফল্যের পেছনে সবার অবদান স্মরণ করেন। সেখানে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, জানা অজানা অসংখ্য মানুষের দু'আ, অশ্রু ও চেষ্টার ফলাফল।’

তার এই পোস্টটি প্রকাশের পরপরই তা নেটিজেন ও রাজনৈতিক অঙ্গনের মানুষের বিশেষ নজর কাড়ে। মুহূর্তের মধ্যেই কমেন্ট বক্সে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে শুরু করেন অসংখ্য দলীয় নেতাকর্মী ও অনুসারী।

উল্লেখ্য, মন্ত্রিসভায় রদবদল এবং নতুন সদস্য অন্তর্ভুক্তির প্রক্রিয়ায় শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে বলে রাজনৈতিক মহলে জোরালো গুঞ্জন চলছে। তবে তার সম্ভাব্য এই নিয়োগ নিয়ে কওমিপন্থি আলেম সমাজ এবং বেশ কিছু ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এই সামগ্রিক আলোচনার মধ্যেই বঙ্গভবনে শপথ গ্রহণের প্রস্তুতির মুহূর্তে তার এই সংক্ষিপ্ত বার্তাটি রাজনৈতিক অঙ্গনে নতুন করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।