মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জ জেলা মাধবপুর উপজেলা ৩নং বহরা ইউনিয়ন এর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। খানাখন্দে ভরা ও কাদামাটিতে ডুবে থাকা এই রাস্তায় প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন রোগী ও তাদের স্বজনরা।

স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বিশেষ করে গর্ভবতী নারী, শিশু ও বয়স্ক রোগীদের স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছাতে মারাত্মক কষ্ট পোহাতে হয়। অনেক সময় জরুরি রোগীকেও সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব হয় না।

একজন স্থানীয় বাসিন্দা জানান, “এই রাস্তার কারণে আমরা ঠিকমতো চিকিৎসা সেবা নিতে পারি না। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।”

এদিকে স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরাও একই সমস্যার কথা স্বীকার করেছেন। তারা জানান, রাস্তার কারণে অনেক সময় রোগীর উপস্থিতি কমে যায়, ফলে সেবার মান ব্যাহত হয়।

স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হোক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী, যাতে স্বাস্থ্যসেবা নিতে গিয়ে আর দুর্ভোগে পড়তে না হয়।