মিজানুর রহমান মিন্টু: শ্রদ্ধা, স্মরণ আর নতুন দেশ গড়ার সংকল্পে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস’। এ উপলক্ষে গতকাল বুধবার (১৬ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। জুলাই বিপ্লবের বীর শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠিত এই সভায় উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

তেঁতুলিয়া উপজেলা কমিশনার ভূমি (ভারপ্রাপ্ত) মোহন মিনজি-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আরফিন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জীবন ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুল হক, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী এবং উপজেলা প্রকৌশলী (বিদ্যুৎ) তানজিমুল ইসলাম।

তেঁতুলিয়া জিয়া পরিষদের আহ্বায়ক আব্দুল জব্বার, ইউনিয়ন বিএনপির এমপি প্রতিনিধি তাজউদ্দীন আহম্মেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম এবং উপজেলা এনসিপি-এর আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জুলাই শহীদ দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, বীর শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এবং দেশ ও জাতির কল্যাণে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও রুহের মাগফিরাত কামনার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।